বিশ্বের অন্যতম প্রধান ও মর্যাদাপূর্ণ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)-২০২৬’-এ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রতিনিধি দল। ‘ইউআইইউ মার্স রোভার টিম’ নামের এই ক্ষুরধার দলটি চূড়ান্ত প্রতিযোগিতায় ৪০০ দশমিক ৪৪ স্কোর অর্জন করে এই গৌরবময় সাফল্য ছিনিয়ে এনেছে।
এবার সেরার তালিকায় রয়েছে দেশের আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ এবং সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দল ‘এমআইএসটি মঙ্গল বারতা’। এরমধ্যে ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ বিশ্বব্যাপী সপ্তম এবং ‘এমআইএসটি মঙ্গল বারতা’ ১১তম স্থান অর্জন করেছে।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ১১৬টি দল প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে ১১টি দেশের ৩৮টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লড়ার সুযোগ পেয়েছে। গত ২৭-৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এরপর আজ রবিবার (৩১ মে) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
২০২৬ সালের বৈশ্বিকভাবে স্বীকৃত এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে লড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ৫টি আন্তর্জাতিক এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এরমধ্যে তিনটি দলই সেরার তালিকায় স্থান করল।
চূড়ান্ত পর্বে লড়া ৩৮টি দলের মধ্যে বাংলাদেশের বাকি টিমগুলোর মধ্যে রয়েছে-অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দল ‘এএইউবি রোভার৭১’, যা বিশ্বে ৩৪তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘প্রজেক্ট আলতাইর’, যা বিশ্বে ৩৭তম স্থান অর্জন করেছে।
এবার ৪৬৯ দশমিক ৫৭ স্কোর নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির ‘মার্স রোভার ডিজাইন টিম’। আর ৪১২ দশমিক ৪১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ‘মোনাশ নোভা রোভার’।
প্রতি বছর এই প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দলগুলোকে পরবর্তী প্রজন্মের মঙ্গল রোভার ডিজাইন ও তৈরি করার জন্য এতে চ্যালেঞ্জ জানানো হয়, যা একদিন লাল গ্রহ অন্বেষণে নভোচারীদের পাশাপাশি কাজ করবে তারা।
ইউআরসি ২০০৬ সালে শুরু হয়েছিল এবং ২০০৭ সাল থেকে প্রতি গ্রীষ্মে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। রোবোটিক্স প্রতিযোগিতা ইউআরসি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান এবং সম্ভাবনাময় শিক্ষার্থীদের আকর্ষণ করে আসছে।
বাংলাদেশ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার’ টিম সর্বশেষ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল। এবারও এশিয়ায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করল। তাছাড়া দলটি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের প্রতিযোগিতায়ও এশিয়ায় প্রথম হয়েছিল।
