ডেস্ক রিপোর্ট:
গতকাল উত্তরা ইউনিভার্সিটির গাজীপুর রুটের একটি বাস ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনার আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চলন্ত বাসটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জনকে মাওনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
