রাজধানীর ঢাকায় অপহরণ ও নির্যাতনের পর এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত মরদেহটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ৩৮ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন মাহিরের বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা পুলিশের একটি দল এবং মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আউয়াল এবং মাতা মাজেদা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ঢাকার আফতাবনগর এলাকায় ফরহাদকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ১ মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এনে ফেলে রাখা হয়।
ধৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই হানিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আন্দিউড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে মাধবপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহেল রানা জানান, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়া সংক্রান্ত বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
