Sunday, April 19, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজকাজী ও উত্তরা পরিবহনের হামলায় আহত IUBAT-এর শিক্ষার্থীরা: তিন দফা দাবিতে শিক্ষার্থীদের...

কাজী ও উত্তরা পরিবহনের হামলায় আহত IUBAT-এর শিক্ষার্থীরা: তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম, না মানলে ‘বিএনএস সেন্টার অবরোধ’ এর ঘোষনা

রাজধানীর ব্যস্ততম এলাকায় কাজী পরিবহনের স্টাফ ও স্থানীয় সন্ত্রাসীদের হামলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় IUBAT-এর অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে আগামীকাল সকাল ৯টার মধ্যে আল্টিমেটাম দিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন সামি সওদাগর, লিটন ইসলাম, আলিশান রহমান, আহাদ, টিয়ন এবং আসাদুজ্জামান শিকদার। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাস ভাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে কাজী পরিবহনের স্টাফরা প্রথমে একজন শিক্ষার্থীকে মারধর করে। পরবর্তীতে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দেশীয় অস্ত্র নিয়ে চালানো হয় পরিকল্পিত হামলা।

ঘটনার পর IUBAT-এর সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন:

১. ১৪ এপ্রিল সকাল ৯টার মধ্যে হামলায় জড়িত সকল স্টাফ ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
২. কাজী পরিবহন এবং উত্তরা পরিবহনের মালিককে শিক্ষার্থীদের সামনে এসে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে।
৩. আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করতে হবে পরিবহন কর্তৃপক্ষকে।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, উল্লেখিত সময়সীমার মধ্যে যদি প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামীকাল সকাল ৯:১৫ মিনিটে IUBAT-এর মূল ফটকে সমবেত হয়ে ‘বিএনএস সেন্টার অবরোধ’ কর্মসূচি পালন করা হবে।

একজন আন্দোলনরত শিক্ষার্থী বলেন, “এই হামলা কেবল IUBAT-এর শিক্ষার্থীদের ওপর নয়, এটি পুরো দেশের শিক্ষার্থীদের ওপর হামলা। রাজপথে আমাদের জীবন ঝুঁকিতে থাকবে এটা আমরা আর মেনে নেবো না।”

ঘটনার পরেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত