নিজস্ব প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে।
জানা গেছে, ইফতারের নির্ধারিত সময় ঘনিয়ে এলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর হাতে ইফতার পৌঁছায়নি। ফলে অনেক ছাত্রী ইফতার না নিয়েই হল ত্যাগ করেন। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে এক নারী শিক্ষার্থী বলেন, “ছাত্রদলের আমন্ত্রণে আমরা এখানে এসেছিলাম। কিন্তু রোজা ভাঙার দুই মিনিট আগে পর্যন্ত পানিও পাইনি। ইফতারের দাওয়াত দিয়ে এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক। কতজন ছাত্রী অংশ নিতে পারেন, তা বিবেচনায় নিয়ে আয়োজন করা উচিত ছিল।”
আরও অভিযোগ রয়েছে, ইফতার না পেয়ে অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে বাইরে থেকে খাবার কিনে রোজা ভাঙেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ফারহানা নামে এক শিক্ষার্থী লেখেন, “৬টা ১৮ মিনিট পর্যন্ত থেকেও ইফতার পাইনি। রোজাদাররা ইফতার ছাড়াই ফটোসেশন দেখেই ইফতার সম্পন্ন করেছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করেছেন।
তবে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি আলাউদ্দিন মহসিন। এক বিবৃতিতে তিনি জানান, প্রত্যাশার তুলনায় অধিক উপস্থিতির কারণে কেউ ইফতার থেকে বঞ্চিত হয়ে থাকলে তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
এছাড়া শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ সাড়া পাওয়া গেছে। প্রথমবারের আয়োজনে অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য দায়িত্বশীল অবস্থান থেকে দুঃখ প্রকাশ করে তিনি ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
