মোঃ রুবেল হোসেন
ডুয়েট প্রতিনিধি,গাজীপুর।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং এর আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ছিনতাইকারী চক্রের প্রথম ও প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে ডুয়েটের অধ্যয়নরত শিক্ষার্থী ও ডুয়েটে ভর্তিচ্ছুক বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা।
বিশেষ করে গাজীপুর চৌরাস্তা, রেলগেটের মোড় এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আশেপাশে প্রতিটি মোড়, অলি গলি এই ধরণের অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কার্যত এসব এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
বিগত বেশ কয়েক মাসের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক শিক্ষার্থী থেকে তাদের মোবাইল, ল্যাপটপ এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। গত রমজান মাসের শেষের দিকে ডুয়েটে অধ্যয়নরত পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম জয়দেবপুর রেলস্টেশন দিয়ে যাত্রা কালে ট্রেনে থাকাকালীন ছিনতাইকারী কবলে পরে ল্যাপটপ, মোবাইল সহ নাইমের দুই পা দুর্বৃত্তদের ধাক্কায় ট্রেন লাইনে কাটা পরে পঙ্গুত্ববরণ করে মানবতার জীবনযাপন করছেন।
এছাড়াও পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অতনু মল্লিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুয়েল সহ আরো অনেকেই ছিনতাইকারীদের কবলে পরে নিজেদের সর্বস্ব হারান। শিক্ষার্থীদের অভিযোগ, ছিনতাইকারীরা বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ফাঁদে ফেলে কাছে থাকা সমস্ত কিছু ছিনিয়ে নিচ্ছে প্রতিনিয়ত।
তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, প্রতিনিয়ত প্রসাশনের কাছে বারবার অভিযোগ জানানোর পরও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বরং নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্তৃপক্ষের এই বিষয় নিয়ে তেমন কোনো সক্রিয় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
ডুয়েট শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুদের পক্ষ থেকে ডুয়েট প্রশাসনকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে। এই পরিস্থিতি শুধু শিক্ষার্থীদের নিরাপত্তাই নয়, শিক্ষার পরিবেশকেও বিপন্ন করছে। প্রশাসনের এই নির্লিপ্ততা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করছে। একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ খুবই জরুরি।
ডুয়েট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ডুয়েট এলাকার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিয়মিত পুলিশ টহলসহ ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত কার্যকার আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি ।
