Wednesday, May 20, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজদাবি না মানা পর্যন্ত ক্যাম্পাসকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ডুয়েট শিক্ষার্থীদের

দাবি না মানা পর্যন্ত ক্যাম্পাসকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ডুয়েট শিক্ষার্থীদের

 

ডুয়েট প্রতিনিধি,গাজীপুর।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে উপাচার্য নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। গত ১৮ মে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় সোমবার (১৯ মে) সকাল ৮টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে স্লোগান দেন।

দুপুরের পর ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে যে নবনিযুক্ত উপাচার্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ডুয়েট ছাত্রদলকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন এবং বিভিন্ন স্লোগানে বিক্ষোভ শুরু করেন।আন্দোলনকারী শিক্ষার্থীরা “দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই”, “বহিরাগত ভিসি মানি না” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে গত ১৭ মে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, পুলিশ এবং বহিরাগত যুবদলের হামলার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের দাবি, ওই ঘটনায় ১৮ জনের বেশি শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার বিকেল ৩টায় ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করা হয়। একই সঙ্গে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে ক্যাম্পাসের পরিস্থিতি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত