ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম-এর কাছে পদত্যাগপত্র জমা দেন।
রবিবার দুপুরে সাইফুদ্দীন আহমদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে কিছুটা বিশ্রামে থাকতে চাই। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে, পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রক্টরের বিষয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেও পরিবর্তন আসে। ওই সময় ২৮ আগস্ট শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্যেই প্রক্টর পদ থেকে সাইফুদ্দীন আহমদের পদত্যাগের ঘোষণা এলো।
