জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলকে ভোট দিলে পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় পরীক্ষাকক্ষেই তিনি এ ধরনের মন্তব্য করেন। শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার হলে শিক্ষক ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পক্ষে ভোট চান এবং ভোট দিলে পরীক্ষার খাতায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্যাম্পাস মিররকে জানান, “পরীক্ষা চলাকালীন স্যার আমাদের বলেন, ছাত্রদলের প্যানেলে ভোট দিলে নাম্বার বাড়িয়ে দেবেন। এটি প্রথম ঘটনা নয়। আগেও বিভিন্ন সময়ে তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের জন্য ভোট চেয়েছেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক ক্যাম্পাস মিররকে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের কাজ করার প্রশ্নই আসে না।”
এ বিষয়ে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, “যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, তাহলে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
