ক্যাম্পাস প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনের সময় সাত শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম। তিনি সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, আটক অন্য শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সাবিত, এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।
সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, “আমরা হলে নিয়মিতভাবে নজর রাখি, যাতে কেউ গাঁজা বা মাদকের মতো জঘন্য কাজে জড়াতে না পারে। গতকাল হল প্রশাসন থেকে মাদকবিরোধী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আমরা পরিদর্শনে যাই। সেখানে হঠাৎ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা তাদের ধরে সহকারী প্রক্টরকে খবর দিই। পরে প্রভোস্ট স্যার ও প্রক্টরিয়াল বডি এসে তাদের পুলিশের হাতে তুলে দেন।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “সোহরাওয়ার্দী হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী গাঁজা সেবনরত অবস্থায় ধরা পড়ে। পরে প্রভোস্ট কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গাঁজা ও নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়। এরপর আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রক্টর অফিসে আনা হয়।”
তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা গুরুতর অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।”
