নিজস্ব প্রতিবেদক:
তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান উৎসব ‘২৫-এ বরাবরের মতোই সাফল্য দেখিয়েছে তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরা শাখা। এবারের উৎসবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশ নেয় ১৪টি প্রজেক্ট নিয়ে, এবং আশাব্যঞ্জকভাবে সবকটিই পুরস্কার অর্জন করে।

পাঁচটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা অর্জন করে ২টি প্রথম স্থান, ২টি দ্বিতীয় স্থান, ২টি তৃতীয় স্থান, ২টি চতুর্থ স্থান, ৩টি পঞ্চম স্থান এবং ৩টি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার।
তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরার প্রিন্সিপাল মাওলানা এইচ. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নিয়মিত নানা কার্যক্রম হাতে নিচ্ছি। আগামী দিনে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে হলে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। আমরা বিশ্বাস করি, এই তরুণদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, আল হাইসাম কিংবা সালাউদ্দিন আইয়ুবী।”
এর আগে তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরা; বিসিএসআইআর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে (২০০৭ ও ২০১২) চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ ও নটরডেম কলেজ বিজ্ঞান মেলা, রাজউক কলেজ বিজ্ঞান মেলা এবং বিএএফ শাহীন কলেজ বিজ্ঞান মেলা ২০২৩-এও একাধিকবার সাফল্যের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এ বিশেষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে প্রতিষ্ঠানটি দুবাই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের সুযোগ পায়।

