নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ। তবে দলের মহাসচিব উপস্থিত থাকলেও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এই সমাবেশে যোগ দিচ্ছেন না।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম। তাদের অভিযোগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ধারাবাহিক কর্মসূচি চলছে। গত ২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ আন্দোলন শুরু হয়। এরপর থেকে প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বড় পরিসরে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন,
“বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ জেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি গণসমাবেশে যোগ না দেওয়ার। পুরো আয়োজন সম্পর্কে জেলা বিএনপির কোনো ধারণা নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছেন দলের মনোনীত তিন প্রার্থী। এ বিষয়ে আমরা শীঘ্রই সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান স্পষ্ট করব।”
