নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুইটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “জুলাই শহীদদের স্মরণে কুরবানী কর্মসূচি-২৬” এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “সফরা এ ঈদ” শীর্ষক আয়োজন ঈদের দিন অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানায়, ঐতিহাসিক জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাহস, সচেতনতা ও গণমানুষের অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজপথ থেকে জনমত গঠন সর্বত্রই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল দৃশ্যমান। সেই আন্দোলনে শহীদ ও গাজীদের আত্মত্যাগকে স্মরণ করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“জুলাই শহীদদের স্মরণে কুরবানী কর্মসূচি-২৬”-এর আওতায় ঢাকায় অবস্থানরত জুলাই বিপ্লবের শহীদ ও গাজী পরিবারগুলোর জন্য পশু কুরবানী, মাংস বিতরণ এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, যেসব পরিবার এবার কুরবানী দেওয়ার সামর্থ্য রাখেননি, তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, তাদের পরিবারগুলোর প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ থেকেই আমাদের এই আয়োজন।” একই সঙ্গে শহীদদের জন্য দোয়া এবং গাজীদের সুস্থতা কামনাও করা হয়।
অন্যদিকে, ঈদুল আযহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সফরা এ ঈদ’। ঈদের দিন দুপুর ২টায় উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজনে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একটি গুগল ফরম পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।
