উইকি লাভস ফোকলোর ২০২৬ উপলক্ষে প্রজেক্ট কড়িকাঠের কমিউনিটি মিটআপ ও ইফতার
১৩ মার্চ, ২০২৬ শুক্রবার
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
উইকি লাভস ফোকলোর ২০২৬ বাংলাদেশ উপলক্ষে মাল্টিমিডিয়া ও ফটোগ্রাফি কমিউনিটি প্রজেক্ট কড়িকাঠ–এর উদ্যোগে এক কমিউনিটি মিটআপ ও ইফতার আয়োজন করা হয়েছে। শুক্রবার ঢাকার বুয়েট এর আর্কিটেকচার ব্লিডিং এ অনুষ্ঠিত এই আয়োজন। এই আয়োজনে সংগঠনের প্রায় ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার ও কমিউনিটি মিটআপের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং প্রজেক্ট কড়িকাঠের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা। বিশেষ করে উইকি লাভস ফোকলোর ২০২৬ বাংলাদেশ প্রতিযোগিতাকে ঘিরে কীভাবে আরও বেশি ছবি ও মাল্টিমিডিয়া কনটেন্ট সংগ্রহ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
মিটআপে অংশ নেওয়া সদস্যরা ফটোগ্রাফি, ভিডিও ডকুমেন্টেশন এবং উইকিমিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট আপলোডের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন উৎসবকে ছবির মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
প্রজেক্ট কড়িকাঠ মূলত উইকিমিডিয়া–সংশ্লিষ্ট একটি মাল্টিমিডিয়া ও ফটোগ্রাফি কমিউনিটি, যেখানে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও সংগ্রহ করে উন্মুক্ত প্ল্যাটফর্মে আপলোড করা হয়।
প্রজেক্ট কড়িকাঠের প্রধান ওয়াসিউর রহমান বলেন, এই ধরনের কমিউনিটি মিটআপ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে এবং যৌথভাবে কাজ করার সুযোগ বাড়ায়। তিনি আশা প্রকাশ করেন, সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উইকি লাভস ফোকলোর ২০২৬ বাংলাদেশ–এ আরও বেশি মানসম্মত ছবি ও কনটেন্ট যুক্ত হবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিভিন্ন ফটোওয়াক, কর্মশালা ও কমিউনিটি কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে নতুন ফটোগ্রাফার ও কনটেন্ট নির্মাতাদের সম্পৃক্ত করা যায়।
