Saturday, May 23, 2026
হোমজাতীয়কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটে প্রধানমন্ত্রী!

কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটে প্রধানমন্ত্রী!

 

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) বিষয়ক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে আয়োজিত এ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শনের পাশাপাশি একটি কাভার্ড ভ্যান নিজেই চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণ উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অত্যাধুনিক স্পোর্টস কার, চার্জচালিত প্রাইভেট কার, ইলেকট্রিক মোটরসাইকেল এবং বাণিজ্যিক পরিবহনের জন্য ব্যবহৃত ইভি কাভার্ড ভ্যান প্রদর্শন করা হয়। প্রযুক্তিবান্ধব ও পরিবেশসম্মত যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশে পরিবেশবান্ধব যানবাহন শিল্পের সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আধুনিক পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক যানবাহনের গুরুত্ব তুলে ধরেন এবং জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ইভির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নগর পরিবহনে ইভি প্রযুক্তির বিস্তার পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রদর্শনীতে অংশ নেওয়া কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ইভি উৎপাদন ও সংযোজন শিল্পে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেছে।

প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া বিকেলে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত