চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) থেকে পায়ুপথে লুকিয়ে আনা ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশিকালে তাকে আটক করেন। আটক ব্যক্তি মো. সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা ও মো. রফিকুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর A12776759।
বিজিবি সূত্রে জানা গেছে, আইসিপিতে স্থাপিত আর্চওয়ে মেটাল ডিটেকটরে তল্লাশির সময় তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পায়ুপথে লুকানো দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।
