মেয়াদ শেষে আর দায়িত্বে থাকবেন না—এ ঘোষণা আগেই দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে বিসিবির পরিচালক হওয়ায় নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। ফলে জাতীয় দলের নির্বাচক প্যানেলে দুটি পদ শূন্য হয়।
এই দুই পদের জন্য আবেদন করেছিলেন ১৬ জন সাবেক ক্রিকেটার। আজ তাদের মধ্যে ১৫ জন সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার শেষে কয়েকজনকে শর্টলিস্ট করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা সেই তালিকায় রয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার নেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন পরিচালক আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট ও নাজমুল আবেদিন ফাহিম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচকের পদে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এর আগে তিনি নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতার কারণে তাকেই প্রধান নির্বাচক করার বিষয়ে বিসিবির আগ্রহ বেশি বলে জানা গেছে।
তবে বাশারের সঙ্গে নতুন করে আর কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি নির্ধারণ করবেন। এরপর বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
বর্তমানে নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।
