স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল ২ উইকেটের নাটকীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে শেষ ওভারে জয় তুলে নেয় ইংল্যান্ড, যেখানে জয়ের নায়ক ছিলেন ব্যাটার হ্যারি ব্রুক।
ম্যাচের শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩ রান। পাকিস্তানের বোলার সালমান মির্জার করা প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন জফরা আর্চার।
এর আগে ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন ব্রুক। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটার, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। তিনি প্রথম ৫০ রান করেন ২৮ বলে এবং পরের ফিফটি আসে মাত্র ২২ বলে। ব্রুক আউট হওয়ার সময় ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ বলে ১০ রান।
ব্রুক সেঞ্চুরি করার পরের বলেই পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি তাকে বোল্ড করেন। এরপর দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ তৈরি করেন মোহাম্মদ নেওয়াজ। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিতে সক্ষম হয় ইংল্যান্ড।
এর আগে টসে জিতে ব্যাটিং করা পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফারহান একটি গুরুত্বপূর্ণ ফিফটি করেন, যা পাকিস্তানকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেয়।
এই জয়ের ফলে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এই পরাজয়ে পাকিস্তান এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে না পড়লেও তাদের সেমিফাইনালের সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৬৪/৯ ( ফারহান ৬৩, ফখর ২৫; ডসন ৩/২৪, আর্চার ২/৩২)। ইংল্যান্ড: ১৯.১ ওভারে ১৬৬/৮ (ব্রুক ১০০, জ্যাকস ২৮; আফ্রিদি ৪/৩০, উসমান ২/৩১)। ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা: হ্যারি ব্রুক
