Saturday, January 24, 2026
হোমশিক্ষাক্যাম্পাস নিউজঢাকা পলিটেকনিক সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত

ঢাকা পলিটেকনিক সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত

জাওয়াদ শাহরিয়ার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও ক্যাম্পাস সাংবাদিকতার আইডি কার্ড প্রদান কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–এর সভাকক্ষে। দুপুর ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে ইয়াসির আরাফাত ও মাহিন আহম্মেদ উদয় যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি–এর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা পলিটেকনিক সাংবাদিক ফোরামের সদস্য–সচিব মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য জাওয়াদ শাহরিয়ার, মোহাম্মদ মাহবুব হোসেন, তালহা আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কবির হোসেন আদর্শ ক্যাম্পাস নির্মাণে দায়িত্বশীল ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, এবং ছাত্রজীবন থেকেই সৎ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা ভবিষ্যতে সুস্থ মিডিয়া পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি অতীতে অসাধু ও অনৈতিক সাংবাদিকতার কারণে সৃষ্টি হওয়া নানা সমস্যার কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মিজানুর রহমান ক্যাম্পাস সাংবাদিকতার ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে বলেন, সৎ ও সচেতন সাংবাদিকতা শুধু শিক্ষার্থীদের সমস্যাই তুলে ধরে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রধান অতিথি প্রকৌশলী কবির হোসেনকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আইডিইবি ও কারিগরি শিক্ষাখাতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, ছাত্রজীবনে অর্জিত সাংবাদিকতার অভিজ্ঞতা পেশাগত জীবনে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে।

মতবিনিময় সভা শেষে সদস্যদের হাতে ক্যাম্পাস সাংবাদিকতার আইডি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রকৌশলী কবির হোসেন সাংবাদিক ফোরামের কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতের সব প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত