Saturday, January 24, 2026
হোমজাতীয়গণভোট আগামী নির্বাচনের দিন: জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

গণভোট আগামী নির্বাচনের দিন: জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে; এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন,
“জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না; বরং একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

তিনি জানান, গণভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন নির্ধারিত সময়ে প্রণয়ন করা হবে।

গণভোটের প্রশ্ন ও জুলাই সনদের মূল প্রস্তাব

প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদের আলোকে গণভোটে একটি মাত্র প্রশ্ন ব্যালটে থাকবে, যার উত্তরে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।

ব্যালটে উপস্থাপিত প্রশ্নটি হবে,

“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কে প্রস্তাবিত সিদ্ধান্তসমূহে সম্মতি জ্ঞাপন করছেন?”

তিনি ব্যালটে অন্তর্ভুক্ত চারটি মূল প্রস্তাবও তুলে ধরেন,

ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদের নির্ধারিত প্রক্রিয়ায় গঠন করা হবে।

খ) আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট; দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে।

গ) নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ মোট ৩০টি প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ) রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের অন্যান্য সংস্কার বাস্তবায়ন করা হবে।

অর্থনীতি পুনরুদ্ধার, বিদেশি বিনিয়োগ ও “গ্রীন পোর্ট”-এর ঘোষণা

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগ বেড়েছে, ব্যাংকিং খাত পুনরুদ্ধারের পথে।

তিনি জানান, ইউরোপীয় একটি কোম্পানির বড় বিনিয়োগে লালদিয়ায় নির্মিত হবে দেশের প্রথম বিশ্বমানের “গ্রীন পোর্ট”, যা বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের ঘোষণা

প্রধান উপদেষ্টা জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে।

এই পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। সংস্কার সম্পন্ন হলে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের সর্বশেষ কার্যদিবস পর্যন্ত থাকবে।

ঐক্যের আহ্বান ও গণঅভ্যুত্থনের শহীদদের প্রতি শ্রদ্ধা

ভাষণের শেষে অধ্যাপক ইউনূস জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন—
“২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মত্যাগই আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের এই সিদ্ধান্তই “নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সূচনা”।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত