নিজস্ব প্রতিবেদক:
দ্যা ক্যাম্পাস মিররের উদ্যোগে লেখক, পাঠক ও প্রতিনিধি সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক, বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার। তিনি সম্মেলনে আগত তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে সাহিত্যিক হতে হলে বুকে বল রেখে সাহসিকতার নজির স্থাপন করতে হবে।
২৭ নভেম্বর(বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মিলনায়তনে লেখক, পাঠক ও প্রতিনিধি সম্মেলনে দ্যা ক্যাম্পাস মিররের সম্পাদক আ.ফ.ম মশিউর রহমানের সভাপতিত্বে স্মার্ট নিউজ প্রেজেন্টেশনের উপর ওয়ার্কশপ সেশন পরিচালনা করেন চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র নিউজ প্রেজেন্টার মুহাম্মদ ইমতিয়াজ, বিশেষ অতিথি ছিলেন আস্থা বিল্ডার্সের পরিচালক মোঃ মামুনুর রশিদ, স্টার নিউজের এইচআর অফিসার জনাব আশরাফ, স্বাগত বক্তব্য রাখেন দ্যা ক্যাম্পাস মিররের সহকারী সম্পাদক এনামুজ্জামান রাফি, সাহিত্য আড্ডার আলোচক ছিলেন সাবেক সহকারী সম্পাদক সাদী মোহাম্মদ সাদ, সম্মেলনে সঞ্চালনা করেন সহকারী সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। আরও উপস্থিত ছিলেন দ্যা ক্যাম্পাস মিররের এডিটোরিয়াল টিমের সদস্য আসিফ, মোঃ নাইমুর রহমান, হোসাইন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কবি আব্দুল হাই শিকদার বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে অনেকে সরকারের করুণার পাত্র হয়ে একুশে পদক প্রাপ্ত হয়েছেন। আবেদন করে একুশে পদক গ্রহণের মতো নির্লজ্জ কাজ আর হতে পারে না। অনেকের অনুরোধ সত্ত্বেও আমি সাহসের সাথে প্রত্যাখান করেছি এমন কাজ। তোমাদেরকে সাহিত্যিক হতে হলে বুকে বল রেখে সাহসিকতার নজির স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলা সাহিত্যের বিকাশ, ধারাবাহিকতা ও বিবর্তনকে আন্তর্জাতিক গবেষণা-মানের আলোকে বিশ্লেষণ করতে হবে। তিনি মধ্যযুগীয় সাহিত্য থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, কবি ফররুখ আহমদ ও কবি আল মাহমুদের সাহিত্য প্রতিভাকে “সুস্থ ধারার সাহিত্য চর্চা’র” শক্ত ভিত্তি হিসেবে উল্লেখ করেন। কবি আব্দুল হাই শিকদার তরুণ প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
স্মার্ট নিউজ প্রেজেন্টেশন সেশনে চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র নিউজ প্রেজেন্টার মুহাম্মদ ইমতিয়াজ আন্তর্জাতিক গণমাধ্যম মানদণ্ডের আলোকে ভাষা, বাচনভঙ্গি, উপস্থাপন দক্ষতা, স্ক্রিপ্ট রাইটিং ও লাইভ প্রেজেন্টেশন কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আস্থা বিল্ডার্সের পরিচালক মোঃ মামুনুর রশিদ তরুণ লেখকদের উৎসাহ প্রদান করে বলেন, লেখালেখির জগতে এগিয়ে আসতে হবে। সুস্থ ধারার সাহিত্য বির্নিমানে কাজ করতে হবে। স্টার নিউজের এইচআর অফিসার জনাব আশরাফ মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন এবং সুন্দর পেশাগত পরিবেশ তৈরি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে দ্যা ক্যাম্পাস মিররের সম্পাদক আ.ফ.ম. মশিউর রহমান বলেন, “সুস্থ ধারার সাহিত্যচর্চা আমাদের সংস্কৃতির ভিত্তি। জ্ঞান ও গবেষণাভিত্তিক এই চর্চাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে দ্যা ক্যাম্পাস মিরর ধারাবাহিকভাবে কাজ করে যাবে।”
সাহিত্য আড্ডায় জনাব সাদী মোহাম্মদ সাদ বাংলা রেনেসাঁস পরবর্তী সাহিত্যধারায় কবি ফররুখ আহমদ এবং আল মাহমুদের সাহিত্য চিন্তা, ভাষার শক্তি, সংস্কৃতি ও মূল্যবোধের ভূমিকা নিয়ে গভীর আলোচনা করেন। তিনি দেখান কিভাবে জ্ঞাননির্ভর সাহিত্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
