Saturday, May 30, 2026
হোমবাংলাদেশসংবাদ সারাদেশজেলা পরিষদের বরাদ্দ নিয়ে অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

জেলা পরিষদের বরাদ্দ নিয়ে অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

 

কুমিল্লা জেলা পরিষদ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া।

শনিবার (৩০ মে) দুপুরে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যে মূলত উপজেলার উন্নয়ন বাজেটের কথাই বোঝানো হয়েছে। তিনি দাবি করেন, বরাদ্দের অর্থ কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি; বরং সংশ্লিষ্ট উপজেলাগুলোর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি। অথচ দেবীদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হয়েছে।”

জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, মোস্তাক মিয়া যে অর্থকে রাজস্ব খাতের বরাদ্দ হিসেবে উল্লেখ করেছেন, তা প্রকৃতপক্ষে রাজস্ব খাতের নয়। এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় দেওয়া বরাদ্দ।

হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বার উপজেলাকে কোন খাতে এবং কী উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছেও অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই তথ্য জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান।

নিজ এলাকার উন্নয়নের স্বার্থে সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার উপজেলার মানুষের জন্য কোথাও যদি কিছু চাইতে হয়, তাতেও আমার আপত্তি নেই। কারণ আমি নিজের জন্য নয়, মানুষের জন্যই চাই।”

তিনি আরও বলেন, আলোচিত অর্থ স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছিল, যা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। এর মধ্যে দেবীদ্বার উপজেলার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং তা এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের সঙ্গে এই বরাদ্দের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত