ডেস্ক রিপোর্ট:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলমান এসএসসি পরীক্ষার্থীদের ব্যাবহারিক খাতায় স্বাক্ষরের বিনিময়ে জনপ্রতি ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।
রবিবার (২৩ মে) দুপুরে ব্যাবহারিক খাতায় স্বাক্ষর বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও কৃষি বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে ব্যাবহারিক খাতায় শ্রেণি শিক্ষকের স্বাক্ষর নেওয়া বাধ্যতামূলক। ফরম পূরণের সময় সব ধরনের ফি পরিশোধ করলেও এখন আবার ৫০০ টাকা ছাড়া শিক্ষকেরা খাতায় স্বাক্ষর করছেন না।
শিক্ষার্থীরা আরও জানান, অনেকেই দরিদ্র পরিবারের সন্তান। শিক্ষকদের কাছে ৫০০ টাকা সামান্য মনে হলেও তাদের জন্য এটি বড় চাপ। কেউ প্রতিবাদ করলে ব্যাবহারিকে নম্বর কমিয়ে দেওয়ার আশঙ্কায় ভয়ে মুখ খুলছেন না তারা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। অধ্যক্ষের নির্দেশেই শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু শিক্ষার্থী টাকা জমা দিয়েছে, বাকিরাও কয়েক দিনের মধ্যে জমা দেবে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, সিওমার্কের ফটোকপি ও আনুষঙ্গিক খরচ বাবদ এ টাকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন অর্থ নেওয়া হয়। তবে এটি আইনগতভাবে বৈধ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব প্রতিষ্ঠানেই এটা নেওয়া হয়।”
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম বলেন, ব্যাবহারিক খাতা স্বাক্ষরের জন্য ৫০০ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
