ঈদের গান, নজরুলের দর্শন ও কিশোর হৃদয়ের জাগরণ
ইফতেখার রবিন
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও বাঙালি জাতিসত্তার ইতিহাসে এক অনন্য নাম। তিনি কেবল একজন কবি নন—তিনি বিদ্রোহের দ্রষ্টা, প্রেমের সাধক, মানবতার দূত এবং সাম্যের অগ্রদূত। তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে শোষিত মানুষের আর্তনাদ, আবার সেই কণ্ঠেই ধ্বনিত হয়েছে প্রেম, ভ্রাতৃত্ব ও বিশ্বমানবতার মহাসংগীত। একদিকে তিনি বজ্রকণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, অন্যদিকে কোমল হৃদয়ে রচনা করেছেন প্রেম ও ভক্তির গান। এই দ্বৈত সত্তার সম্মিলনে নজরুল হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের এক অনতিক্রম্য মহীরুহ।
নজরুলের সাহিত্যচিন্তা কেবল আবেগের প্রকাশ নয়; এটি একটি গভীর দার্শনিক বোধের ফসল। তাঁর লেখায় যেমন রয়েছে রাজনৈতিক প্রতিবাদ, তেমনি রয়েছে আধ্যাত্মিক অনুসন্ধান, মানবিক সাম্য এবং ধর্মীয় সম্প্রীতির সুগভীর চেতনা। তিনি বিশ্বাস করতেন—মানুষের প্রকৃত পরিচয় তার ধর্ম, বর্ণ বা জাতিতে নয়; মানুষের আসল পরিচয় নিহিত তার মানবিকতায়। এই দর্শনকে ধারণ করেই তিনি লিখেছেন সাম্যের গান, ভাঙনের গান, জাগরণের গান। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে নজরুলের কণ্ঠস্বর নতুন তাৎপর্য নিয়ে ফিরে আসে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক কিশোর-যুব আন্দোলন—প্রতিটি পর্যায়েই নজরুল হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা ও মুক্তির প্রতীক।
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ১৯৭২ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে তাঁকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে আনা হয়। তবে ইতিহাস বলছে, তিনি সর্বপ্রথম জাতীয় কবির স্বীকৃতি পান ১৯২৯ সালে, যখন নেতাজী সুভাষচন্দ্র বসু তাঁকে অবিভক্ত ভারতের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর পূর্ববাংলার মানুষের হাতে রাষ্ট্রক্ষমতা না থাকায় সেই স্বীকৃতি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়নি। অপরদিকে, মুসলিম পরিচয়ের কারণে স্বাধীন ভারতে নজরুল দীর্ঘকাল অবহেলা ও উপেক্ষার শিকার হন। তাঁকে জাতীয় কবির মর্যাদা তো দেওয়া হয়নি, বরং ন্যূনতম রাষ্ট্রীয় সম্মানও প্রদর্শিত হয়নি।
একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতি নতুন করে নজরুলকে ফিরে পাওয়ার সুযোগ পায়। তাঁকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। তিনি হয়ে ওঠেন চিরদিনের জন্য আমাদের—এই ভূখণ্ডের, এই মানুষের, এই সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয়ভাবে নজরুলের জীবন, দর্শন ও সাহিত্যকে যেভাবে গভীরভাবে ধারণ করা প্রয়োজন ছিল, তা আমরা করতে পারিনি। নানা সীমাবদ্ধতা ও অবহেলার কারণে তিনি অনেকাংশেই উপেক্ষিত থেকে গেছেন।
তবে ইতিহাস নতুন মোড় নেয় ৩৬ জুলাইয়ের কিশোর ও যুব বিপ্লবে। এই বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়; এটি ছিল চেতনার নবজাগরণ, আত্মমর্যাদার পুনরুদ্ধার এবং প্রকৃত স্বাধীনতার পুনঃসংজ্ঞায়ন। কিশোর ও তরুণদের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলন বাংলাদেশকে উপহার দেয় এক নতুন পরিচয়—“নতুন বাংলাদেশ”। এই নতুন বাংলাদেশের দাবিতে সরকার নতুন করে গেজেট প্রকাশ করে নজরুলকে “নতুন বাংলাদেশের জাতীয় কবি” হিসেবে পুনঃঘোষণা দেয়। এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নৈতিক সংশোধন।
নজরুল শিশু-কিশোরদের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি জানতেন—আজকের কিশোররাই আগামী দিনের সমাজ, রাষ্ট্র ও সভ্যতার নির্মাতা। তাই তিনি শিশু-কিশোরদের জন্য রচনা করেছেন অসংখ্য কবিতা, ছোটগল্প, গান ও নাটিকা। তাঁর লেখায় কিশোররা খুঁজে পায় সাহস, আত্মবিশ্বাস, মানবিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা। জুলাই বিপ্লবের প্রতিটি মুহূর্তে কিশোররা নজরুলের কবিতা ও গানকে হাতিয়ার করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর ঈদসংগীত—
“ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ।”
এই গান কেবল ঈদের আনন্দের আহ্বান নয়; এটি ইসলামের মানবিক দর্শনের এক গভীর ব্যাখ্যা। এখানে ‘আপনাকে বিলিয়ে দেওয়া’ মানে আত্মত্যাগ, সহমর্মিতা, দান, ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়া। ঈদ মানে শুধু খুশি নয়; ঈদ মানে সমাজে বন্ধুত্ব স্থাপন করা, গরিব-দুঃখীর পাশে দাঁড়ানো, ইয়াতিম ও মিসকিনের মুখে হাসি ফোটানো। নজরুল স্মরণ করিয়ে দেন—এই নির্দেশ মানুষের বানানো নয়; এটি “আসমানি তাগিদ”, অর্থাৎ আল্লাহর নির্দেশ।
তিনি বলেন—
“যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী,
সেই গরীব ইয়াতীম মিসকিন দে যা কিছু মুফিদ।”
এই পঙক্তিতে ইসলামের সামাজিক ন্যায়বোধ ও মানবকল্যাণের দর্শন অনন্যভাবে প্রকাশ পেয়েছে।
নজরুল কিশোরদের সামনে তুলে ধরেছেন মুসলিম সভ্যতার গৌরবময় ইতিহাস। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন—জ্ঞান-বিজ্ঞান, গণিত, দর্শন, চিকিৎসা ও শিল্পকলায় মুসলমানদের অবদান একসময় বিশ্বসভ্যতার অগ্রদূত ছিল। অথচ আজ নানা কারণে মুসলমানরা সেই ঐতিহ্য বিস্মৃত হয়েছে। নজরুল এই অবস্থাকে আক্ষেপের সঙ্গে উল্লেখ করেছেন—“মুর্দা মুসলমান” বলে। তবে তিনি আশাবাদী—আজকের কিশোররাই আবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনবে। তাই তিনি আহ্বান জানান—
“আজ ভাঙাইতে নিঁদ”—অর্থাৎ অলসতা ও আত্মবিস্মৃতি ভেঙে জাগ্রত হওয়ার ডাক।
ঈদের নামাজ প্রসঙ্গে নজরুল ইতিহাসের এক গভীর তাৎপর্য তুলে ধরেছেন—
“আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।”
এখানে ঈদগাহ কেবল নামাজের স্থান নয়; এটি আত্মত্যাগ, সংগ্রাম ও শহীদের রক্তে রঞ্জিত ইতিহাসের প্রতীক। এই স্মরণ কিশোরদের মধ্যে আত্মপরিচয় ও দায়িত্ববোধ জাগ্রত করে।
নজরুলের মানবতাবাদী দর্শনের সর্বোচ্চ প্রকাশ ঘটেছে তাঁর সম্প্রীতির আহ্বানে—
“আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।”
এখানে তিনি ধর্মীয় সংকীর্ণতা, জাতিগত বিভেদ ও শত্রুতার ঊর্ধ্বে উঠে বিশ্বমানবতার আহ্বান জানিয়েছেন। প্রেম ও ভালোবাসার শক্তিতে বিশ্বজয়ের এই দর্শনই ইসলামের প্রকৃত শিক্ষা।
আরও গভীর তাৎপর্য বহন করে তাঁর এই পঙক্তি—
“ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।”
এখানে হৃদয়কে পবিত্র থালা হিসেবে কল্পনা করে তৌহিদের শিরনি নিবেদনের কথা বলা হয়েছে—যা আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও মানবিকতার এক অপূর্ব রূপক।
সবচেয়ে বিস্ময়কর মানবিক দর্শন প্রকাশ পায় এই আহ্বানে—
“তোদের মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা,
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।”
অর্থাৎ যারা আমাদের আঘাত করে, কষ্ট দেয়, অবমাননা করে—তাদের দেওয়া ইট-পাথর দিয়েই গড়ে তুলতে হবে ভালোবাসার মসজিদ। প্রতিশোধ নয়, প্রতিরোধ নয়—ক্ষমা, সহমর্মিতা ও প্রেমের মধ্য দিয়েই সমাজ বদলের এই দর্শন নজরুলকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
সব মিলিয়ে বলা যায়, কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নয়—তিনি একটি চেতনা, একটি আন্দোলন, একটি অনন্ত প্রেরণার উৎস। তাঁর সাহিত্য আমাদের শিখিয়েছে কীভাবে শৃঙ্খল ভাঙতে হয়, কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং কীভাবে ভালোবাসার শক্তিতে সমাজকে রূপান্তরিত করতে হয়। তাঁর দর্শনে বিদ্রোহ ও প্রেম পরস্পরের বিরোধী নয়—বরং একে অন্যের পরিপূরক।
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে নজরুল আজ আরও বেশি প্রাসঙ্গিক। যখন বিশ্বজুড়ে হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে, তখন নজরুল আমাদের শেখান—ভালোবাসাই চূড়ান্ত শক্তি। তিনি কিশোরদের হাতে তুলে দেন সম্প্রীতির পতাকা, বন্ধুত্বের আহ্বান এবং আত্মত্যাগের মহিমা। তাঁর ঈদসংগীত আমাদের মনে করিয়ে দেয়—উৎসব তখনই পূর্ণতা পায়, যখন তা অন্যের মুখে হাসি ফোটায়, দুঃখীর কষ্ট লাঘব করে এবং সমাজে মানবিক সম্পর্ক গড়ে তোলে।
অতএব, নজরুলকে কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাঁকে জীবনের ভেতর ধারণ করতে হবে। তাঁর গান, কবিতা ও দর্শনকে ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রচিন্তার কেন্দ্রে স্থাপন করলেই গড়ে উঠবে সত্যিকারের মানবিক বাংলাদেশ। তখনই নজরুল হয়ে উঠবেন কেবল আমাদের জাতীয় কবি নন—আমাদের নৈতিক দিশারি, আমাদের আত্মিক আলোকবর্তিকা।
নজরুলের ভাষায়—
“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।”
এই বাণী ধারণ করেই এগিয়ে যাক নতুন বাংলাদেশের যাত্রা।
লেখক পরিচিতি: কবি ও শিক্ষার্থী ,বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ধানমন্ডি ঢাকা।
