ন্যাশনাল ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা:
ন্যাশনাল ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (এনপিএ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও জ্ঞানভিত্তিক সায়েন্টিফিক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “Career Opportunities and Professional Development of Pharmacists for Nation Building”।
গত ১৪এপ্রিল, রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন
এনপিএ-এর সভাপতি জনাব সাইফুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি মো: জাহাংগীর আলম। আয়োজিত সেমিনারে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে অংশগ্রহণমূলক ও প্রানবন্ত
করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস প্রফেসর ও ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন এনপিএ’র সভাপতি ও বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন। তারা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে, যেখানে দক্ষ ও যোগ্য ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন (R&D), হাসপাতাল ও ক্লিনিক্যাল সেবা, সবক্ষেত্রেই ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
